চাঁদপুরের মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এখনো দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে মেঘনা নদী থেকে আলমগীর হাওলাদার, মোহাম্মদ আলী দেওয়ান নামে দু’জনকে এবং সোমবার বিকেলে মুনসুর আলী বেপারীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের সবার বাড়ি সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামে।
চাঁদপুর নৌ ফায়ার স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, প্রথমে হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড গাজীনগর সংলগ্ন মেঘনা নদী থেকে মুনসুর বেপারীর (৩০) মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার (৬ মার্চ) সকালে হানারচর এলাকা থেকে আলমগীর হাওলাদার (৩৮) ও মোহাম্মদ আলী দেওয়ান (৪০) নামে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ৪ এপ্রিল ঝড়ের দিন তারা নিখোঁজ হন। এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ গতকাল এবং দুইজনের মরদেহ সকালে হানারচরের নৌপুলিশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা ধরতে নামেন। হঠাৎ করে ঝড় শুরু হলে তারা সবাই ঝড়ের কবলে পড়ে নদীতে ডুবে যান। এ ঘটনার পর কয়েকজন জেলে নিখোঁজ হন। খবর পেয়ে সোমবার সকাল থেকে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে।
পরে বিকেলে সাড়ে ৪টায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাজীনগর সংলগ্ন মেঘনা নদী থেকে জেলে মুনসুরের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর মঙ্গলবার সকালে অপর দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়।